Sylhet Today 24 PRINT

হাসিনা-শি জিনপিং বৈঠক: ২৬ সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর

সিলেটটুডে ডেস্ক |  ১৪ অক্টোবর, ২০১৬

ঐতিহাসিক সফরে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় দুদেশের মত ২৬টি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী ও চীনের প্রেসিডেন্টের উপস্থিতিতে নিজ নিজ দেশের পক্ষে দুই দেশের প্রতিনিধিরা চুক্তি ও সমঝোতায় সই করেন। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে ছয়টি প্রকল্প।

এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে এয়ার চায়নার একটি বিশেষ ফ্লাইটে কম্বোডিয়ার রাজধানী নমপেন থেকে ঢাকায় পৌঁছান। তাঁর বিমান বাংলাদেশের আকাশসীমায় প্রবেশের পরই বিমান বাহিনীর বিশেষ জেট পাহারা দিয়ে নিয়ে আসে। জিনপিংকে বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও মন্ত্রী পরিষদের সদস্যরা। এরপর তিনি অভিবাদন মঞ্চে গিয়ে গার্ড অব অনার নেন এবং গার্ড পরিদর্শন করেন। তিন বাহিনীর একটি চৌকস দল চীনের প্রেসিডেন্টকে গার্ড অব অনার দেয়।


বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি সরাসরি চলে যান লা মেরিডিয়ান হোটেলে। সেখান থেকে বেলা তিনটায় চীনের রাষ্ট্রপতি সি চিন পিং প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সফরসঙ্গীদের নিয়ে পৌঁছান।

চিন পিং ঢাকায় ৭৯ সদস্যের চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর সফরসঙ্গীদের মধ্যে আছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর (সিসিসিপিসি) সদস্য ওয়াং হুনিং ও লি ঝানশু, স্টেট কাউন্সিলর ইয়াং জেইচি, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মন্ত্রী সু সাউসি, অর্থমন্ত্রী লাউ জিউই, বাণিজ্যমন্ত্রী গাউ হুচেং, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ঝাউ শিয়াওছুয়েন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.