সিলেটটুডে ডেস্ক | ১৫ অক্টোবর, ২০১৬
ফাইল ছবি
ব্রিকস-বিমসটেক আউটরিচ সামিটে যোগ দিতে রোববার (১৬ অক্টোবর) ভারতের গোয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের গোয়ায় ১৫ ও ১৬ অক্টোবর ৮ম ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনি রোববার সকাল ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন।
সম্মেলনের ব্রিকস সদস্য ব্রাজিলের রাষ্ট্রপতি মাইকেল টিমার, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি জ্যাকব জুমা অংশ নেবেন।
বিসমটেকভুক্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রী অং সান সু চি, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল ধালা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা, আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ ঘানি ও মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আউটরিচ সামিটে অংশ নিচ্ছেন।
গোয়ায় পৌঁছেই শেখ হাসিনা ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবেন। দুপুরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হবে। দুপুরে তিনি বিমসটেকভুক্ত দেশগুলোর নেতাদের সম্মানে গোয়ার মুখ্যমন্ত্রীর দেওয়া মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। বিকালে আউটরিচ সামিটের আগে বিমসটেক নেতাদের রিট্রেটে অংশ নেবেন শেখ হাসিনা।
রোববার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের আগে নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (১৭ অক্টোবর) সকালে দেশে ফিরবেন।