Sylhet Today 24 PRINT

জঙ্গি আসাদুলের ফাঁসি রাত সাড়ে ১০টায়, কারাগারে গেছেন ডিআইজি ও ইমাম

সিলেটটুডে ডেস্ক |  ১৬ অক্টোবর, ২০১৬

ঝালকাঠিতে বোমা হামলা চালিয়ে দুই বিচারক হত্যা মামলার সর্বশেষ আসামি জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা আসাদুল ইসলাম আরিফের মৃত্যুদণ্ড কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন করেছে খুলনা জেলা কারাগার কর্তৃপক্ষ। রোববার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টায় কার্যকর হবে ফাঁসি।

জানা গেছে, রাত সোয়া ৮টার দিকে কারাগারে প্রবেশ করেছেন ডিআইজি প্রিজন টিপু সুলতান ও খুলনা জেনারেল হাসপাতালের ইমাম হাফেজ মাওলানা মুফতি আতাউল্লাহ। আসাদুলের মরদেহ নেয়ার জন্য কারাগারে প্রবেশ করেছে অ্যাম্বুলেন্স।

ফাঁসির রায়কে কেন্দ্র করে খুলনা জেলা কারাগার ও এর আশপাশ এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে কারাগারের তিন পাশের সড়ক।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠির সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের গাড়িতে বোমা হামলা চালিয়ে তাঁদের হত্যা করা হয়। ২০০৬ সালের ২৯ মে এ হত্যা মামলার রায়ে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহম্মেদ ৭ জনের ফাঁসির আদেশ দেন। এর মধ্যে ছয়জনের ফাঁসি ইতোমধ্যে কার্যকর হয়েছে।

যাদের ফাঁসি কার্যকর হয়েছে তারা হলেন- জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই, শায়খ আব্দুর রহমানের ভাই আতাউর রহমান সানি, জামাতা আবদুল আউয়াল, ইফতেখার হোসেন মামুন, খালেদ সাইফুল্লাহ ওরফে ফারুক। ২০০৭ সালের ২৯ মার্চ শীর্ষ এ ছয় জেএমবির মৃত্যুদণ্ড কার্যকর হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.