সিলেটটুডে ডেস্ক | ১৭ অক্টোবর, ২০১৬
প্রায় এক দশক পর ঢাকা এসেছেন বিশ্বব্যাংকের কোনো প্রেসিডেন্ট। ২০০৭ সালে বিশ্ব ব্যাংকের তখনকার প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক-এর পর প্রেসিডেন্ট জিম ইয়ং কিম ঢাকায় এলেন।
রোববার (১৬ অক্টোবর) বিকেলে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান কিম। সফর সম্পর্কে বিশ্বব্যাংকের ঢাকা অফিস জানিয়েছে, দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল্য দেখতেই তার এই সফর।
এ সফরে কিমের কর্মসূচির মধ্যে রয়েছে-সোমবার সকালে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক; বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 'দারিদ্রমুক্ত বিশ্বে বাংলাদেশ' শীর্ষক পাবলিক লেকচারে বিশেষ অতিথির বক্তৃতা দেবেন তিনি।
এরপর মঙ্গলবার সকালে বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত কয়েকটি প্রকল্প পরিদর্শনের জন্য বরিশাল যাবেন কিম। সেখান থেকে ফেরার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন তিনি। বিকেলে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিদায় নেবেন তিনি। এছাড়া সুশীল সমাজের প্রতিনিধি ও বেসরকারি খাতের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট।
এদিকে, বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের এ সফরকে গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ। বিশ্বব্যাংক বাংলাদেশের উন্নয়নে প্রতিবছর তাদের সহায়তার পরিমাণ বাড়াচ্ছে। যদিও পদ্মা সেতু থেকে অর্থ ফিরিয়ে নেওয়ারও তিক্ত স্মৃতি রয়েছে।
বাংলাদেশের স্বাধীনতার পর সংস্থাটির তৎকালীন প্রেসিডেন্ট রবার্ট ম্যাকনামারা এসেছিলেন ঢাকায়, এরপর ঘুরে যান আরও দুই প্রেসিডেন্ট পল উলফোভিৎজ ও জেমস উলফেনসন।
শাহজালাল বিমানবন্দরে তাকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিমানবন্দরে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, বিশ্ব ব্যাংক সদর দপ্তরে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসাইন ভুইঞা। ঢাকায় বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি চিমিয়াও ফানসহ সংস্থার কর্মকর্তারাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।