Sylhet Today 24 PRINT

নাজিমুদ্দিন হত্যা : রশিদুন ৩ দিনের রিমান্ডে

সিলেটটুডে ডেস্ক |  ১৭ অক্টোবর, ২০১৬

নিহত নাজিমুদ্দিন সামাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও অনলাইন অ্যাকটিভিস্ট নাজিমুদ্দিন সামাদ হত্যা মামলায় গ্রেপ্তার রশিদুন নবী ভূঁইয়াকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৭ অক্টোবর) রশিদুলকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলা সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কাউন্টার টেরোরিজম ইউনিট-২ এর পরিদর্শক তাজুল ইসলাম। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার এক সংবাদ সম্মেলনে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে রশিদুনকে গ্রেপ্তার করা হয়। কাউন্টার টেররিজম ইউনিট ও মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ) যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

তিনি জানান, রশিদুনসহ মোট ৫ জন নাজিমুদ্দিন হত্যাকাণ্ডে অংশ নিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ৬ এপ্রিল রাত ৯টার দিকে সূত্রাপুরের একরামপুর মোড় এলাকায় দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে ও গুলি করে নাজিমুদ্দিনকে হত্যা করে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সন্ধ্যাকালীন স্নাতকোত্তরের ছাত্র ছিলেন। নাজিমউদ্দিন সিলেট গণজাগরণ মঞ্চের কর্মী এবং বঙ্গবন্ধু যুব পরিষদ সিলেট শাখার তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.