Sylhet Today 24 PRINT

খাদিজার ডান হাতে অস্ত্রোপচার সফল

সিলেটটুডে ডেস্ক |  ১৭ অক্টোবর, ২০১৬

সিলেটে এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির কোপে গুরুতর আহত কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের ডান হাতে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) রাজধানীর স্কয়ার হাসপাতালে এই অস্ত্রোপচার করা হয়।

খাদিজার ভাই শাহীন আহমেদ জানান, সোমবার দুপুর তিনটায় শুরু হয়ে দুই ঘণ্টারও বেশি সময় ধরে অস্ত্রোপচার করেন স্কয়ার হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের কনসালট্যান্ট মেজবাহউদ্দিন আহমেদ। অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর বিকেলে পরীক্ষা দিয়ে বের হয়ে আসার সময় সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে শাবিপ্রবির ছাত্রলীগ নেতা বদরুলের উপর্যুপরি চাপাতির কোপে মারাত্মকভাবে আহত হন  সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিস। খাদিজা বর্তমানে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সেখানে ৪ অক্টোবর খাদিজার মাথায় অস্ত্রোপচার করা হয়। তখন থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। গত বৃহস্পতিবার তাঁর লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। তবে এখনো তাঁর চেতনা ফেরেনি।

এদিকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর হামলাকারী বদরুল বর্তমানে জেল হাজতে রয়েছেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.