Sylhet Today 24 PRINT

গণজাগরণ মঞ্চের অবস্থানস্থল থেকে চাপাতিসহ দুই যুবক আটক

সিলেটটুডে ডেস্ক |  ০৮ এপ্রিল, ২০১৫

শাহবাগে গণজাগরণ মঞ্চের অবস্থান কর্মসূচি চলাকালীন অবস্থায় চাপাতি সহ দুই সন্দেহভাজন যুবককে আটক করে পুলিশে দিয়েছে মঞ্চের কর্মীরা।  বুধবার বিকেলে ওই দুই যুবককে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। আটককৃতরা পুলিশকে জানিয়েছে তাদের নাম আব্দুল্লাহ ও মাসুদ রানা। দুজনেরই বয়স আনুমানিক ১৮ বছর। বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুরের গোপালপুর গ্রামে। শাহবাগ থানা পুলিশের মাধ্যমে এনায়েতপুর পুলিশকে এদের দেয়া তথ্য যাচাই করতে বলা হয়েছে।

দুই দিন অপেক্ষার পর কামারুজ্জামানের বিরুদ্ধে দেওয়া আপিল বিভাগের রায়ের অনুলিপি বিকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। এই রায় কার্যকরের দাবিতে রোববার বিকাল থেকেই শাহবাগে অবস্থান করছেন গণজাগরণ কর্মীরা। এরই মধ্যেই সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে নিজেদের মিছিলে থাকা ওই দুই যুবককে আটক করা হয়। মিছিলে থাকা কর্মীরা জানিয়েছেন, মিছিলের সময় বারবার এই দুই যুবক সামনে যেতে চাইলে সন্দেহ হওয়ায় তাদের ব্যাগ চেক করা হয় আর তখনই চাপাতি পাওয়া যায়।

ব্লগার আরিফ জেবতিক তার ফেসবুক স্ট্যাটাসে ওই দুই যুবকের ছবিসহ একটি আকরামুল হক শামিমের একটি পোষ্ট শেয়ার করে লিখেছেন , “আশাকরি পুলিশ নিজে ধরতে না পারলেও এভাবে বাবুর হত্যাকারীদের ধরে দেওয়া বা আজকে এই দুইজনকে ধরে দেওয়ার পরে অন্তত তারা এই চাপাতি বিদ্যার পর্দার আড়ালের লোকদেরকে ধরার ব্যাপারে একটু তৎপর হবে।”

মঞ্চের কর্মী আকরামুল হক ছবিসহ ঐ পোষ্টে লিখেছেন - গণজাগরণ মঞ্চের মিছিল থেকে, এই দুজনকে একটি ব্যাগে চাপাতি সহ ধরেছে, মঞ্চের কর্মীরা। ধৃত দুজনকে শাহবাগ থানায় দেয়া হয়েছে, তদন্ত শেষে জানা যাবে কারা কারা ??

গত ৩০ মার্চ রাধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বেগুনবাড়িতে অনলাইন অ্যাক্টিভিস্ট ওয়াশিকুর রহমান ওরফে বাবুকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে তিন মাদ্রাসাছাত্র। পরে জনতা ধাওয়া করে দুই জনকে আটক করে পুলিশে দেয়।

এর আগে ২৬ ফেব্রুয়ারি শাহবাগে জঙ্গি মৌলবাদিরা চাপাতি দিয়ে খুন করে লেখক, গবেষক ও অভিজিৎ রায়কে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.