Sylhet Today 24 PRINT

১২ দফা দাবি না মানলে দেশব্যাপী পেট্রোল পাম্পে ধর্মঘট

সিলেটটুডে ডেস্ক |  ১৯ অক্টোবর, ২০১৬

তেল বিক্রির কমিশন বৃদ্ধি, পেট্রলপাম্প-সংলগ্ন জমির মাশুল কমানো সহ ১২ দফা দাবি না মানলে ধর্মঘটে যাবে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর মতিঝিলে একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতা-কর্মীরা এ ঘোষণা দেন।

বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমুল হক বলেন, দাবি না মানা হলে আগামী ৩০ অক্টোবর ভোর ছয়টা থেকে দেশের সব পেট্রলপাম্পে ধর্মঘট পালন করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সড়ক ও জনপথ বিভাগ নির্ধারিত পেট্রলপাম্প-সংলগ্ন জমির শতাংশপ্রতি ভাড়া শহরের জন্য ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা ও গ্রামের জন্য ৪০০ থেকে ৯০০ টাকা ছিল। এখন এই ভাড়া বাড়িয়ে শতাংশপ্রতি লক্ষাধিক টাকা করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে গ্রামে শতাংশপ্রতি ৪০০ টাকার পরিবর্তে দুই লক্ষাধিক টাকা পরিশোধ করতে হবে। তাঁরা এই অস্বাভাবিক ভাড়া বৃদ্ধির বন্ধের দাবি জানান।

তাঁদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে তেল বিক্রির কমিশন ও ট্যাংক লরির ভাড়া বাড়াতে হবে, ট্যাংক লরিকে পৃথক প্রতিষ্ঠান হিসেবে নতুন এসআরও জারি করতে হবে, ভেজাল রোধে প্রতিটি ডিপোতে রনটেস্ট-ব্যবস্থা নিতে হবে, পেট্রলপাম্প স্থাপনের নীতিমালা পুনর্বিন্যাস করতে হবে ইত্যাদি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.