সিলেটটুডে ডেস্ক | ০৯ এপ্রিল, ২০১৫
আবারও দেশে ভয়াবহ বাস দুর্ঘটনার হয়েছে। এবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়, এতে ২৪ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।বুধবার রাত সোয়া ১টার দিকে উপজেলার কইডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশের এএসপি বেলাল হোসাইন জানান।
‘সোনারতরী’ পরিবহনের বাসটি রাতে ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। নিহতদের মধ্যে ১৯ জন পুরুষ ও পাঁচ জন নারী।
আহত ২২ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে নেওয়া হয়েছে। আহত যাত্রীদের বরাত দিয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শামসুজ্জোহা বলেন, দ্রুত গতিতে থাকা বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। পরে আরো কয়েকটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে কাত হয়ে পড়ে যায় বাসটি।
এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই ২২ যাত্রীর মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা ও ফরিদপুর ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ উদ্ধার তৎপরতা চালায়। বাসে অর্ধশতাধিক যাত্রী ছিলেন বলে পুলিশ কর্মকর্তা বেলাল জানান।
সূত্: বিডিনিউজ