Sylhet Today 24 PRINT

বাস দুর্ঘটনায় প্রাণহানিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

ফরিদপুরের ভাঙ্গায় বাস দুর্ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজ ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০১৫

ভাঙ্গার কইডুবি এলাকায় গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২২ জন।

এ ঘটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ গভীর শোক প্রকাশ করেছেন বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে তিনি গণমাধ্যমকে বলেন, “রাষ্ট্রপতি দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।”

এ ধরনের সড়ক দুর্ঘটনা এড়াতে গাড়ি চালকসহ সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।

এদিকে সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভাঙ্গায় দুর্ঘটনায় প্রাণহানিতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.