Sylhet Today 24 PRINT

সিটিসেলের কার্যালয়ে সিলগালা, কার্যক্রম বন্ধ

সিলেটটুডে ডেস্ক |  ২০ অক্টোবর, ২০১৬

দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেলের কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয়ে গিয়ে তাদের কার্যালয় সিলগালা করে দেন।

বিটিআরসি সূত্রে জানা গেছে, মোট বকেয়ার ৪৭৭ কোটি টাকার দুই-তৃতীয়াংশ ৩১৫ কোটি টাকা গতকাল নির্ধারিত সময়ে পরিশোধ না করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টুজি লাইসেন্সের তরঙ্গ বরাদ্দ ও নবায়ন ফি, রাজস্ব ভাগাভাগি, বার্ষিক তরঙ্গ ফি, সামাজিক সুরক্ষা তহবিল, বার্ষিক লাইসেন্স ফি, মূল্য সংযোজন কর (মূসক) ও বিলম্ব ফি বাবদ সিটিসেলের এই পরিমাণ অর্থ বকেয়া রয়েছে।

এ বিষয়ে বিটিআরসির প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এতে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.