Sylhet Today 24 PRINT

\'ঠিক সময়েই হবে জেএসসি পরীক্ষা\'

সিলেটটুডে ডেস্ক |  ২৩ অক্টোবর, ২০১৬

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, শেষ মুহূর্তে দায়িত্ব পাওয়ায় প্রস্তুতিতে চাপ পড়লেও জেএসসি ও জেডিসি পরীক্ষা ঠিক সময়েই অনুষ্ঠিত হবে। 

আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

এ নিয়ে উদ্বিগ্ন ও অনিশ্চয়তায় না ভুগতে পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি।

পরীক্ষা শুরুর মাত্র ১২দিন আগে গত বৃহস্পতিবার জুনিয়র স্কুল সার্টিফিকেট ​(জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা নিতে অপারগতা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়কে উপানুষ্ঠানিক পত্র দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। ওই চিঠিতে এ দুই পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার কথা বলা হয়। এর পরিপ্রেক্ষিতে আজকের এ সংবাদ ​সম্মেলন।

শিক্ষামন্ত্রী বলেন, এখন খুবই অল্প সময় হওয়ায় আমাদের দিনরাত খাটতে হবে। তবে আমরা দায়িত্ব নিয়েছি। কারণ পরীক্ষাটা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, পরীক্ষা এবং ফলাফল যথাসময়ে হবে। এ নিয়ে যেন কেউ দ্বিধায় না থাকেন।

উল্লেখ্য, আগামী ১ নভেম্বর শুরু হবে এ দুই পরীক্ষা। শেষ হবে ১৭ নভেম্বর। এবার এ দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৪ লাখ ১০ হাজার ১৫ জন। এর মধ্যে ছাত্রী ১২ লাখ ৮৬ হাজার ৮৫৩ জন আর ছাত্র ১১ লাখ ২৩ হাজার ১২৬জন। 

এদিকে আগে সিদ্ধান্ত ছিল, চলতি বছর থেকেই অষ্টম শ্রেণি স্তরের জেএসসি ও জেডিসি পরীক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা বোর্ডগুলোর মাধ্যমে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.