Sylhet Today 24 PRINT

শিশু ধর্ষণের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হবে: আইনমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৬ অক্টোবর, ২০১৬

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন শিশু ধর্ষণ ও নির্যাতনের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে।

তিনি বলেন, দিনাজপুরের পার্বতীপুরের ৫ বছরের শিশু পূজাকে ধর্ষণের মামলায় অভিযুক্তদের বিষয়ে প্রমাণাদি পাওয়া গেলে সর্বোচ্চ শাস্তি যাতে দেওয়া হয়। যাতে এসব অপরাধ আর কেউ করতে না পারে।

বুধবার (২৬ অক্টোবর)  বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অতিরিক্ত জেলা জজ, দায়রা জজ ও সমপর্যায়ের জুডিশিয়াল অফিসারদের রিফ্রেশার কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক বিচারক খন্দকার মুসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন আইন ও বিচার মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।

তিনি বলেন, শিশু নির্যাতনের এসব মামলায় যাতে বিচার দীর্ঘসূত্রতা না হয় তার জন্য অ্যাটর্নি জেনারেল অফিসকে বলবো।

আইনমন্ত্রী আরও বলেন, এ ধরনের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবে এবং তার বিচারিক কাজ দ্রুত সময়ে হবে। আমি আশা করবো ধর্ষণে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি যেন হয়। যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ করতে কেউ সাহস না পায়।

উল্লেখ্য, দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পাঁচ বছর বয়সী ধর্ষিত শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতা সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.