সিলেটটুডে ডেস্ক | ১০ এপ্রিল, ২০১৫
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের আজ রাতে ফাঁসি হচ্ছে না। কারা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ফাঁসি শুক্রবার রাতেই কার্যকর হচ্ছে বলে ধারণা করা হচ্ছিল। চূড়ান্ত প্রস্তুতির পরও কি কারণে আবার একদিন পেছালো কারণ জানা যায়নি
এর আগে যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের চূড়ান্ত প্রস্তুতিই চলছিল। প্রাণভিক্ষার আবেদনে ২ দিন সময় নেয়ার পরও কোন সিদ্ধান্ত না জানানোয় 'যৌক্তিক সময়' পার হয়েছে ধরে নিয়েই ফাঁসি কার্যকরের প্রস্তুতি চলছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়। শুক্রবার সন্ধ্যা থেকেই কেন্দ্রীয় কারাগার এলাকায় নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা, পরে তা শিথিল করা হয়। ফাঁসির মঞ্চের সামিয়ানার জন্য আনা হয় বাঁশ। আহসান হাবীব নামক একজন চিকিৎসক এবং একজন ম্যাজেস্ট্রেটও কারাগারে প্রবেশ করেছিলেন পরে আবার তারা বেরিয়ে যান।
এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাংবাদিকদের বলেন, কামারুজ্জামান যথেষ্ট সময় পাবার পরও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেননি বিধায় আর সময় দেয়া যাচ্ছেনা।