Sylhet Today 24 PRINT

দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় \'কায়ান্ট\'

সিলেটটুডে ডেস্ক |  ২৭ অক্টোবর, ২০১৬

পশ্চিম -মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় 'কায়ান্ট' পশ্চিম দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার ভোর থেকে বৃষ্টি হচ্ছে এবং আগামী ২৪ ঘণ্টায় আরও​ বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে অধিদফতর।

বৃহস্পতিবার সকালে বিশেষ বিজ্ঞপ্তি ২০-এ আবহাওয়া অধিদফতর জানায়, কায়ান্ট সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৮৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে অগ্রসর হতে পারে।

এতে আরও বলা হয়েছে, গভীর নিম্নচাপের কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এই গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা ও ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

ওই বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে ১ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.