Sylhet Today 24 PRINT

আগামী ২৪ ঘণ্টায় কমবে বৃষ্টিপাত

সিলেটটুডে ডেস্ক |  ২৭ অক্টোবর, ২০১৬

ঘূর্ণিঝড় ‘কায়ান্ট’র প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টি আগামী ২৪ ঘণ্টায় কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ভারতের অন্ধ্র প্রদেশের দিকে যাচ্ছে। 

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে গত রাত থেকেই বৃষ্টিপাত হচ্ছে। এদিন ভোর থেকে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বিকেলে মিরপুর, আগারগাঁও, বনানী, বারিধারাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিস সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ১৯ মিলিমিটার, ফরিদপুরে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। 

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এ ব্যাপারে আবহায়াবিদ আবদুল মান্নান গণমাধ্যমকে জানিয়েছেন, চলমান আবহাওয়া শুক্রবার উন্নতি হবে। তবে আকাশ মেঘলা এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.