সিলেটটুডে ডেস্ক | ২৭ অক্টোবর, ২০১৬
ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ফেসবুকে আপত্তিকর মন্তব্য ও কটূক্তি করায় কাস্টমসের সহকারী কমিশনার সুশান্ত পালকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানিয়েছে। এছাড়া, প্রজ্ঞাপনে সুশান্তকে মানসিক চিকিৎসক দিয়ে চিকিৎসা করানোর নির্দেশও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কটূক্তির অভিযোগে শাহবাগ থানায় সুশান্তের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মোতাকাব্বির খান প্রবাস। মামলা করার কয়েক ঘণ্টার মধ্যেই এ সিদ্ধান্ত নিলো এনবিআর।
শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বৃহস্পতিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে জানান, সুশান্তকে ওএসডি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাঁকে চাকরিচ্যুতও করা হতে পারে।
তিনি জানান, ‘আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি দলের সঙ্গে বৈঠকের পর এনবিআরকে শাস্তিমূলক ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী এ ধরনের মন্তব্য করা যায় না। আশা করি, সুশান্তের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থায় ছাত্রদের ক্ষোভ প্রশমিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সবার কাছে অত্যন্ত আবেগ ও সম্মানের জায়গা।’
প্রসঙ্গত, সম্প্রতি ঢাবির হল ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক নিয়ে নিজের ফেসবুক টাইম লাইনে একটি পোস্ট দেন ৩০তম বিসিএসে প্রথম স্থান অধিকারী কাস্টমস কর্মকর্তা সুশান্ত পাল। এরপরই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। তার বিরুদ্ধে মামলা ও বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট বাতিলের দাবি ওঠান বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের তোপের মুখে পোস্টটি মুছে ফেলেন এবং ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট দেন সুশান্ত পাল।