সিলেটটুডে ডেস্ক | ১০ এপ্রিল, ২০১৫
চূড়ান্ত প্রস্তুতি নেয়ার পরও কামারুজ্জামানের ফাঁসি শুক্রবার হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই যুদ্ধাপরাধী নেতার সর্বোচ্চ দণ্ড কাল(শনিবার) এ কার্যকর হতে পারে বলে জানিয়েছেন তিনি।
এর আগে কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কার্যকরের চূড়ান্ত প্রস্তুতিই চলছিল। প্রাণভিক্ষার আবেদনে ২ দিন সময় নেয়ার পরও কোন সিদ্ধান্ত না জানানোয় 'যৌক্তিক সময়' পার হয়েছে ধরে নিয়েই ফাঁসি কার্যকরের প্রস্তুতি চলছে বলে নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়। শুক্রবার সন্ধ্যা থেকেই কেন্দ্রীয় কারাগার এলাকায় নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা, পরে তা শিথিল করা হয়। ফাঁসির মঞ্চের সামিয়ানার জন্য আনা হয় বাঁশ। আহসান হাবীব নামক একজন চিকিৎসক এবং একজন ম্যাজেস্ট্রেটও কারাগারে প্রবেশ করেছিলেন পরে আবার তারা বেরিয়ে যান।
কেন আবারও ফাঁসি কার্যকর পেছাল তা জানা সম্ভব হয়নি। ধারনা করা হচ্ছে হয়ত পরিবারকে আরও একবার দেখা করার সুযোগ দেয়া হতে পারে।