সিলেটটুডে ডেস্ক | ২৮ অক্টোবর, ২০১৬
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তিনি দেশ ছাড়েন। লন্ডনে অসুস্থ স্ত্রীকে দেখতে যাওয়ার জন্য এর আগে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১৫ দিনের ছুটির আবেদন করেন।
এদিকে, শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটির সভাপতিমণ্ডলীর বৈঠক হবে। এ বৈঠকে উপস্থিত থাকতে পারছেন না সৈয়দ আশরাফ।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে আগের সাধারণ সম্পাদক পদ থেকে সভাপতিমণ্ডলীর সদস্য হন সৈয়দ আশরাফুল ইসলাম। দলের নতুন সাধারণ সম্পাদক হয়েছেন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের।