Sylhet Today 24 PRINT

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ

সিলেটটুডে ডেস্ক |  ২৯ অক্টোবর, ২০১৬

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নাম ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে দলটির উপদেষ্টা পরিষদ, সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের কমিটি ঘোষণা করা হয়। তবে কার্য নির্বাহী কমিটিতে সভাপতিমণ্ডলীর তিনজন সদস্য ও সম্পাদকমন্ডলীর দুই জন সদস্যের জায়গা এখনও খালি রয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তালিকা জানিয়ে দেওয়া হয়।

সম্মেলনে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীতে নতুন সাতজনের অন্তর্ভুক্তির পর দলটির কেন্দ্রীয় কমিটিতে আরও কয়েকটি নতুন মুখ আসার খবর দিয়েছেন দলটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সম্মেলনের দুই দিন পর নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্পাদকমণ্ডলীর ২৭ সদস‌্যের মধ‌্যে ২২ জনের নাম ঘোষণা করেন।

শুক্রবার নতুন সভাপতিমণ্ডলীর বৈঠকের পর ওবায়দুল কাদের নতুন পূর্ণাঙ্গ কমিটির সবার নাম চূড়ান্ত বলে সাংবাদিকদের জানিয়েছিলেন।

শনিবার আওয়ামী লীগের পক্ষ থেকে ইমেইলে নতুন পূর্ণাঙ্গ কমিটি গণমাধ‌্যমে পাঠানো হয়।

সেই সঙ্গে ৩৮ সদস‌্যের উপদেষ্টা পরিষদ, ১১ সদস‌্যের সংসদীয় বোর্ড, ১৯ সদস‌্যের স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন বোর্ডও ঘোষণা হয়।

নতুন সম্পাদকমণ্ডলীর ২২ জনের সঙ্গে বন ও পরিবেশ সম্পাদক পদে দেলোয়ার হোসেন এবং উপ-প্রচার সম্পাদক পদে আমিনুল ইসলামের নাম বুধবার ঘোষণা করা হয়।

সম্পাদকমণ্ডলীর আরও চারটি পদের কারও নাম এখনও ঘোষণা হয়নি।    

কার্যনির্বাহী সদস‌্য ২৮ জন। এর মধ‌্যে শীর্ষে রয়েছেন আবুল হাসনাত আব্দুল্লাহর নাম। তারপরেই রয়েছেন মমতাজ উদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও কামরুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.