Sylhet Today 24 PRINT

নারায়ণগঞ্জে র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

সিলেটটুডে ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০১৬

নারায়ণগঞ্জের র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দেলোয়ার হোসেন ওরফে মাস্টার দেলু নামের একজন নিহত হয়েছে। দেলু হত‌্যা, ডাকাতি, মাদক চোরাচালানের ১৫ মামলার আসামি।

নিহত দেলোয়ার হোসেন ওরফে মাস্টার দেলু শহরের নগর খানপুর এলাকার মতিন ওরফে জমির ব‌্যাপারীর ছেলে। তকে ওই এলাকার একজন ‘ডাকাত সরদার ও মাদক চোরাকারবারি’ বলছে র‌্যাব।

আদমজী র‌্যাব-১১ এর এএসপি আলেপ উদ্দিন বলছেন, রোববার ভোর রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

তিনি বলেন, গোদনাইল এলাকার এক বাড়িতে মাস্টার দেলুর অবস্থানের খবর পেয়ে ভোরে সেখানে অভিযানে যায় র‌্যাবের একটি দল।

“দরজায় কড়া নাড়লে ভেতর থেকে র‌্যাবকে লক্ষ‌্য করে গুলি ছোড়া হয়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। কিছু সময় গোলাগুলির পর ঘরের ভেতর থেকে গুলি ছোড়া বন্ধ হলে র‌্যাব সদস্যরা ভেতরে ঢুকে দেলুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে।”

সেখান থেকে খানপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে এএসপি আলেপ উদ্দিন জানান।

দেলুর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ডাকাতি বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে এবং ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করার কথা জানিয়েছে র‌্যাব।

ময়নাতদন্তের জন্য তার লাশ নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.