সিলেটটুডে ডেস্ক | ১১ এপ্রিল, ২০১৫
যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করতে সরকারের নির্বাহী আদেশ শনিবার দুপুর ২টা ৫০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। মনিপুরি পাড়ায় অবস্থানরত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছ থেকে সেই আদেশে স্বাক্ষরও নিয়ে আসা হয় বলে কারাসূত্র নিশ্চিত করেছে।
এরপর বিকেল ৪টা ১০ মিনিটে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কামারুজ্জামানের সঙ্গে শেষ দেখা করার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে যান তার পরিবারের সদস্যরা।
দুপুর সোয়া তিনটার দিকে মিরপুর ১১ নম্বরের সাংবাদিক কলোনির বাসা থেকে একটি মাইক্রোবাস (নম্বর: ঢাকা মেট্রো চ-১৩৭৯১৭) ও একটি জিপ গাড়িতে (নম্বর: ঢাকা মেট্রো চ-১৩৮৩৭৪) কারাগারের দিকে রওনা হন তারা। এ দলে পরিবারের সদস্য, গ্রামের আত্মীয়-স্বজনসহ ২১ জন রয়েছেন বলে জানান কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল।
পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন, কামারুজ্জামানের স্ত্রী নূরুন্নাহার, বড় ছেলে হাসান ইকবাল, মেঝো ছেলে হাসান ইমাম, মেয়ে আতিয়া নূর, ভাগ্নি রুখশানা জেরিনসহ অন্যরা।
এর আগে দুপুরে বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে তাদের কারাগারে গিয়ে দেখা করতে বলেন কারা কর্তৃপক্ষ।
আনুষ্ঠানিকভাবে ঘোষণা না এলেও ধারনা করা হচ্ছে এরমধ্য দিয়েই মূলত ফাঁসি কার্যকরের আগে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করা হলো। আজ (শনিবার) যে কোন সময়েই ফাঁসি কার্যকর হচ্ছে এমনটাই বলা যায়।