সিলেটটুডে ডেস্ক | ৩১ অক্টোবর, ২০১৬
আগামী ৬ নভেম্বর ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী জেসমিন জাহান ওরফে নিত্যর বিরুদ্ধে দায়ের করা শিশু গৃহকর্মী নির্যাতনের মামলার রায় দেয়া হবে।
সোমবার(৩১ অক্টোবর) মামলার যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিলা ইসমাইল রায়ের তারিখ ঠিক করেন।
২০১৫ সালের ৬ সেপ্টেম্বর গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপীকে অমানুষিক নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী জেসমিন জাহান ওরফে নিত্য শাহাদাতের বিরুদ্ধে সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলাটি করেন।
একই বছরের ২৯ ডিসেম্বর ঢাকার সিএমএম আদালতের মিরপুর থানার জিআর শাখায় করা মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক তানজিলা ইসলাম তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
তবে নির্যাতিতা গৃহকর্মী মাহফুজা আক্তারের পরিবারের সাথে সমঝোতা করে মাহফুজার কাছ থেকে নির্যাতন না করার সাক্ষ্য আদায় করে নিয়েছেন শাহাদাত দম্পতি।