Sylhet Today 24 PRINT

প্রথমবারের মতো ভোট দিলেন বিলুপ্ত ছিটমহলবাসী

সিলেটটুডে ডেস্ক |  ৩১ অক্টোবর, ২০১৬

ভারতের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নে বাংলাদেশের নাগরিক হওয়া বিলুপ্ত ছিটমহলবাসী প্রথমবারের মতো নিজেদের প্রতিনিধি বাছাইয়ে ভোট দিলেন ।

দীর্ঘ ৬৮ বছরের অবরুদ্ধ জীবন শেষে বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা বিপুল উৎসাহ আর উদ্দীপনা নিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সোমবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ার অধিবাসীরা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেওয়ার মাধ্যমে নিজেদের নাগরিক অধিকারের এক অনন্য প্রাপ্তি অর্জন করলেন।

গত বছরের ১ আগস্ট ছিটমহল বিনিময় কার্যকর হওয়ার পর ছিটমহলবাসীরা বাংলাদেশের নাগরিকত্ব পান।

দাশিয়ারছড়ার কালিরহাট বাজার সংলগ্ন সদ্য প্রতিষ্ঠিত শেখ ফজিলাতুন্নেসা দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে আসা হাফিজা খাতুন (৪৫) বলেন, ‘জীবনে প্রথম ভোট দিলাম। বাংলাদেশের পাশাপাশি থেকেও আগে কখনও ভোট দিতে পারি নাই। আজ বাংলাদেশি হয়ে ভোট দিতে পেরে খুব আনন্দ হচ্ছে।’

একই কেন্দ্রে ভোট দিতে এসেছেন ৮৭ বছরের বৃদ্ধ মোহাম্মদ আলী। বয়সের ভারে নুয়ে পড়া এই  প্রবীণ প্রথমবারের মত নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন। তিনি বলেন, ‘জীবনের শেষ সময়ে এসে বাংলাদেশের নাগরিক হইছি। আইজ ভোট দিয়া মনের মধ্যে খুব তৃপ্তি পাইতেছি।’



ছিটমহল দাশিয়ারছড়ার এক সময়ের পঞ্চায়েত প্রধান ছিলেন আজগার আলী।  ৯১ বছরের এই  প্রবীণ নিজেদের পঞ্চায়েতের হাত তুলে সমর্থন দেওয়া ভোট পদ্ধতির পর এবারই প্রথম ব্যালটের মাধ্যমে ভোট দিলেন। কেমন লাগছে ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিয়ে, জানতে চাইলে প্রায় ২০ বছর পঞ্চায়েত প্রধান থাকা আজগার আলী বলেন,'অনেক ভাল লাগছে। আমাদের সময় হাত তুলে ভোট দিতে হত। তখন নারীদের ভোট ছিল না। এখন নারী পুরুষ সবাই ভোট দিতে পারছে দেখে খুব ভাল লাগছে। সরকার ঠিক থাকলে বিলুপ্ত ছিটের মানুষ তাদের সব অধিকার ভোগ করতে পারবে।'

জেলা নির্বাচন অফিসের সংশোধিত তথ্য অনুযায়ী ফুলবাড়ি উপজেলার দাশিয়ারছড়া এবং ভূরুঙ্গামারী উপজেলাধীন বিলুপ্ত ১০টি ছিটমহলের তিন হাজার ৪৫১ জন ভোটার আজ প্রথমবারের মত ভোট দিচ্ছেন। এর মধ্যে দাশিয়ারছড়ার দুই হাজার ৯১৫ এবং ভূরুঙ্গামারী উপজেলাধীন ১০টি বিলুপ্ত ছিটের ৫৩৬ জন ভোটার ভোট দিচ্ছেন।

ভুরুঙ্গামারী উপজেলার বিলুপ্ত ছিটমহল সংশ্লিষ্ট তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৫, সংরক্ষিত সদস্য পদে ৩৩ এবং সাধারণ সদস্য পদে ৯৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই তিন ইউনিয়নে মোট ভোটার ৬৩ হাজার ৪২৩ জন।

ফুলবাড়ি উপজেলার বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়া সংশ্লিষ্ট তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬, সংরক্ষিত সদস্য পদে ৫১ এবং সাধারণ সদস্য পদে ১০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ তিন ইউনিয়নে মোট ভোটার ৭১ হাজার ৪২৬ জন।

সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ি উপজেলার তিন ইউনিয়নে মোট ৪৬টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোট কেন্দ্রগুলোর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পর্যাপ্ত পরিমাণ পুলিশসহ তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, ভূরুঙ্গামারী উপজেলার তিন ইউনিয়নে ৩৮টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এ সব কেন্দ্রে নিরাপত্তার জন্য পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি দেড় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও অতিরিক্ত ফোর্স হিসেবে র‌্যাব সদস্যরা কেন্দ্রগুলোর আশপাশে টহল দিচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.