Sylhet Today 24 PRINT

হাইকোর্টের কার্যতালিকায় রাজীব হত্যাসহ চার চাঞ্চল্যকর মামলা

সিলেটটুডে ডেস্ক |  ০১ নভেম্বর, ২০১৬

গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার পাশাপাশি চাঞ্চল্যকর আরও তিনটি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির উদ্যোগ নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নির্দেশ অনুসারে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অপর মামলাগুলো হলো সিলেটের শিশু রাজন হত্যা, খুলনায় শিশু রাকিব হত্যা এবং ঢাকায় পুলিশের বিশেষ শাখার (রাজনৈতিক) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলা।

সোমবার বহুল আলোচিত পাঁচটি হত্যার ঘটনায় দায়ের এই চারটি মামলা বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় শুনানির জন্য অন্তর্ভুক্ত ছিল। শিগগির কার্যতালিকা অনুসারে পর্যায়ক্রমে এ মামলাগুলো নিষ্পক্তি হবে বলে আশা প্রকাশ করছেন সুপ্রিম কোর্ট প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।


হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ গণমাধ্যমকে বলেন, 'চাঞ্চল্যকর এই চার মামলা অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। এ জন্য সুপ্রিম কোর্ট থেকে দ্রুততম সময়ের মধ্যে এ মামলাগুলোর আপিল ও ডেথ রেফারেন্স শুনানির জন্য পেপারবুক তৈরি করা হয়।

ইতিমধ্যে মামলাগুলো হাইকোর্টের একটি বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকাভুক্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.