নিউজ ডেস্ক | ১১ এপ্রিল, ২০১৫
গাজিপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় দেশের প্রথম চার লেন উড়াল সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।শনিবার বিকেল ৪টা ২৪ মিনিটে ফ্লাইওভারটি উদ্বোধন করেন তিনি।
সেনাবাহিনীর ১৭ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্যাটালিয়নের তত্ত্বাবধানে নির্মিত মাওনা উড়াল সেতু নির্ধারিত সময়ের দুই মাস আগেই নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ৭০ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে ৪৫০মিটার দৈর্ঘের এ সেতুর প্রশস্ততা ১৯ মিটার। র্যাম্প ২টি, র্যাম্পের দৈর্ঘ্য ২২৫ মিটার, ৪টি লেন, ৩০মিটার দৈর্ঘের স্পেনেরে গার্ডার ৯টি, ৩০টি পায়ার, ২টি অ্যাবাটমেন্ট, ১৬৮টি পাইল, ভার্টিক্যাল ক্লিয়ারেন্স ০৫.৯০ মিটার। এটি ঢাকা ও চট্টগ্রামের পর চালু হওয়া দেশের প্রথম উড়াল সেতু। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে সড়ক ও জনপথ অধিদপ্তর সেতু প্রকল্পটি বাস্তবায়ন করে। ২০১৩ সনের ২৬ অক্টোবর সেতুর নির্মাণকাজ শুরু হয়ে শেষ হয় চলতি বছরের ৭ এপ্রিল। প্রকল্পের মেয়াদ চলতি বছরের ৩০ জুন।
ঢাকা থেকে আকাশ পথে সরাসরি শ্রীপুর উপজেলায় মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামে আন্তর্জাতিক মানের স্কুলপ্লেজ হার্বার স্কুল অ্যান্ড স্পোর্টস একাডেমি মাঠে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি বিকেল ৪টা ১০ মিনিটে অবতরণ করে।
সেখান থেকে সড়ক পথে মাওনা চৌরাস্তায় পৌঁছে মাওনা ফ্লাইওভার উদ্বোধন করেন। পরে শ্রীপুর পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে যোগ দেন তিনি। বিকেল ৪টা ৪৯ মিনিটে তিনি মঞ্চে আসন গ্রহণ করেন।
ওই সমাবেশে সভাপতিত্ব করেন, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত আলী এমপি।