Sylhet Today 24 PRINT

বাংলাদেশে অবৈধ অস্ত্রের ভারতীয় সিন্ডিকেটের সদস্য আটক

সিলেটটুডে ডেস্ক |  ০১ নভেম্বর, ২০১৬

ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অস্ত্র নিয়ে এসে সেগুলো বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের কাছে বিক্রি করে এমন একটি ভারতীয় সিন্ডিকেটের সন্ধান পেয়েছে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ। সোমবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর গাবতলী এলাকা থেকে ভারতীয় অস্ত্রব্যবসায়ী ওই সিন্ডিকেটের সদস্য খায়রুলকে গ্রেফতার করেছে গোয়েন্দারা।

মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতীয় অস্ত্র ব্যবসায়ী গ্রেফতারের বিষয়ে ব্রিফ করেন ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন।

তিনি জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে খায়রুল স্বীকার করেছে যে, সে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। সে অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে বাংলাদেশ ও ভারতের একটি সন্ত্রাসী গ্রুপের যোগসাজশে অস্ত্র নিয়ে আসতো। পরে সেগুলো ঢাকাসহ বিভিন্ন জায়গার সন্ত্রাসী গ্রুপের কাছে বিক্রি করতো।’

তিনি আরও জানান, ‘জিজ্ঞাসাবাদে খায়রুল আরও বলেছে, ভারতের অস্ত্র ব্যবসায়ীরা বিহার থেকে বালুর ট্রাকে করে অস্ত্রগুলো পশ্চিমবঙ্গের আস্তানায় নিয়ে আসে। তারপর সুযোগ বুঝে তারা সেগুলো বাংলাদেশে পাচার করে।’


ডিএমপির এই যুগ্ম কমিশনার বলেন, ‘গ্রেফতারের সময় খায়রুলের কাছ থেকে ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। যার মধ্যে ৬টি বিদেশি পিস্তল এবং ৪টি বিদেশি অন শুটার গান। এছাড়াও তার কাছ থেকে ৩৫টি বুলেট ও ১২টি ম্যাগাজিন জব্দ করা হয়।’

তিনি আরও বলেন, ‘খায়রুল জানিয়েছে তার বাড়ি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণায়। এ সময় তার কাছ থেকে কুড়িগ্রামের পাটগ্রাম থেকে নেওয়া একটি জন্ম সনদ উদ্ধার করা হয়েছে।’

তবে এসব অস্ত্র তারা কাদের কাছে বিক্রি করে তা শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান আব্দুল বাতেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.