Sylhet Today 24 PRINT

‘উত্যক্তের প্রতিবাদ করায়’ গোপালগঞ্জে মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর

সিলেটটুডে ডেস্ক |  ০১ নভেম্বর, ২০১৬

ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জের মাধবপুর, সুনামগঞ্জের ছাতকের পর এবার গোপালগঞ্জে ‘উত্যক্তের প্রতিবাদ’ করায় একটি মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

জেলার এএসপি (সার্কেল) আমিনুল ইসলাম জানান, সোমবার রাতে সদরের রঘুনাথপুর কোটাবাড়ী সার্বজনীন দুর্গা মন্দিরে ভাংচুরের এ ঘটনা ঘটে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক রিপন বিশ্বাস বলেন, কালীপূজা উপলক্ষে সোমবার রাতে রঘুনাথপুর দক্ষিণপাড়া মডেল প্রাইমারি স্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে ফেরার পথে কয়েকজন যুবক মেয়েদেরকে উত্ত্যক্ত করে।

“এ সময় মেয়েদের সঙ্গে থাকা স্থানীয়রা প্রতিবাদ করলে রঘুনাথপুর উত্তর পাড়ার সরু শেখের ছেলে সজীব শেখের নেতৃত্বে ওই যুবকরা মন্দিরে হামলা চালিয়ে সরস্বতী, কার্তিক, দুর্গা ও অসুরের প্রতিমা ভাংচুর করে।”

মন্দিরের পূজারী গীতা বিশ্বাস বলেন, “রাত সাড়ে ১২ টার দিকে শব্দ শুনে ঘর থেকে বের হয়ে দেখি ৮/১০ জন যুবক লাঠিসোটা নিয়ে ছোটাছুটি করছে। এ সময় আত্মরক্ষার জন্য অনুষ্ঠান থেকে ফেরা মেয়েরা আমাদের বাড়িতে আশ্রয় নেয়।

“একপর্যায় লাঠিসোটাধারী যুবকরা মন্দিরে হামলা চালায় এবং প্রতিমা ভাংচুর করে।”

ঘটনাস্থল পরিদর্শন শেষে এএসপি আমিনুল বলেন, দোষীদের খুঁজে বের করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এ ঘটনায় মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে এলাকার হিন্দুরা বিক্ষোভ মিছিল করে জেলা শহরে আসে। পরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে তারা।

উল্লেখ্য, গত চারদিন থেকে সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে পৃথক পৃথক ঘটনায় মন্দির ও হিন্দু বাড়িতে হামলা এবং প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটছে।

এর মধ্যে গত ২৯ অক্টোবর (শনিবার) ব্রাহ্মণবাড়িয়ায় মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলা, ৩০ অক্টোবর (রবিবার) হবিগঞ্জের মাধবপুর বাজারে অবস্থিত দুটি মন্দিরে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনা , গতকাল সন্ধ্যায় ৩১ অক্টোবর (সোমবার) সুনামগঞ্জের ছাতকে দুটি মন্দিরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.