Sylhet Today 24 PRINT

আওয়ামী লীগের সাংসদ বদির দুর্নীতির মামলার রায় আজ

সিলেটটুডে ডেস্ক |  ০২ নভেম্বর, ২০১৬

কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে দুদকের দায়ের করা দুর্নীতি মামলার রায় ঘোষণা হবে আজ (২ নভেম্বর)।

গত ১৯ অক্টোবর আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদার রায়ের জন্য এ দিন ধার্য করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

২০১৫ সালের ৮ সেপ্টেম্বর আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে সাংসদ বদির বিরুদ্ধে দুদকের করা এই মামলার বিচারকাজ শুরু হয়।

দুদকের আইনজীবীর ভাষ্য, ২০০৮ সালে বদির সম্পদের পরিমাণ ছিল ৪৯ লাখ ৭৯ হাজার টাকার। ২০১৩ সালে তিনি যে আয়কর বিবরণী দাখিল করেন, এতে দেখা যায়, তার সম্পদের পরিমাণ ১৬ কোটি ৬ লাখ ৯৬ হাজার টাকা। দুদক সম্পদের বিবরণী চেয়ে তাকে নোটিশ দিয়েছিল। নোটিশ পাওয়ার পর তিনি ৫ কোটি ২০ লাখ ১৪ হাজার ৫৮৩ টাকার সম্পদের বিবরণী দাখিল করেন। বাকি ১০ কোটি ৮৬ লাখ টাকার তথ্য তিনি গোপন করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আবদুর রহমান বদি জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন করে বিবরণীতে মিথ্যা তথ্য দেন। দুদকের অনুসন্ধানে দেখা যায়, অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কম মূল্যে সম্পদ ক্রয় দেখিয়ে ১ কোটি ৯৮ লাখ ৩ হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখানো হয়েছে।

এ অভিযোগে দুদক ২০১৪ সালের ২১ আগস্ট বদির বিরুদ্ধে মামলা করে। গত বছরের ৭ মে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.