Sylhet Today 24 PRINT

বিজিবির মহাপরিচালক আবুল হোসেন, আজিজ আহমদের পদোন্নতি

সিলেটটুডে ডেস্ক |  ০২ নভেম্বর, ২০১৬

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন মেজর জেনারেল আবুল হোসেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ১৯৮১ ব্যাচের কর্মকর্তা।

বুধবার (২ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মু. জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মেজর জেনারেল আবুল হোসেন রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমদের স্থলাভিষিক্ত হবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, মেজর জেনারেল আবুল হোসেনকে বিজিবি’র মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের কর্মকর্তা আবুল হোসেন এর আগেও বিজিবিতে দায়িত্ব পালন করেছেন সেক্টর কমান্ডার হিসেবে। এবার মহাপরিচালক হিসেবে সীমান্ত ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বও তাকে পালন করতে হবে।

মেজর জেনারেল হোসেন রাষ্ট্রপতির সামরিক সচিবের দায়িত্ব নিয়ে বঙ্গভবনে আসার আগে সেনা সদরদপ্তরের ইঞ্জিনিয়ার ইন চিফ এবং মিরপুরে সেনাবাহিনী পরিচালিত মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও গাজীপুরে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার কমান্ডেন্টের দায়িত্ব পালন করেন।

এক সময় ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করা আবুল হোসেন কুয়েতে জাতিসংঘ শান্তি মিশনেও নেতৃত্বের পর্যায়ে কাজ করেছেন।

বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাওয়া এই সেনা কর্মকর্তা ব‌‌্যবসায় প্রশাসন ও ডিফেন্স স্টাডিজে মাস্টার্স করেছেন। চীন, তুরস্ক ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের নিয়েছেন প্রশিক্ষণ।

অপরদিকে, মেজর জেনারেল আজিজ আহমদকে লে. জেনারেল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

উল্লেখ্য, পিলখানায় বিডিআর বিদ্রোহের ভয়াবহতা পেরিয়ে সীমান্তরক্ষা বাহিনীর নাম ও পোশাক বদলে যাওয়ার পর ২০১২ সালে এ বাহিনীর দায়িত্ব নিয়েছিলেন জেনারেল আজিজ। ওই বছরের সেপ্টেম্বরে কুমিল্লা সেনানিবাস থেকে ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৩ বছরের মেয়াদে বিজিবি’র মহাপরিচালক নিয়োগ দেয়া হয়। গত বছরের সেপ্টেম্বরে তার মেয়াদ শেষ হয়ে যায়। এই চার বছর তিনি অত্যন্ত দক্ষ ও সাহসিকতার সঙ্গে বিজিবি’র মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.