Sylhet Today 24 PRINT

নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ঘটনায় আরো ১ জন গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৩ নভেম্বর, ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও হিন্দুদের বাড়িতে হামলার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মহিউদ্দিন আহমেদ ওরফে বেলাল (৩০)। তিনি উপজেলার চাপরতলা পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল্লাহ মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে নাসিরনগর থানা পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন জানান, ভাংচুর ও লুটপাটের সময় ধারণ করা ভিডিও ফুটেজ দেখে মহিউদ্দিনকে শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ নিয়ে নাসিরনগরে হামলার ঘটনায় মোট ১০ জনকে গ্রেপ্তার করা হলো। এ ঘটনা তদন্তে  চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. শাখাওয়াত হোসেনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য ৩ সদস্যরা হচ্ছেন- পুলিশ সদর দফতরে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলম, ব্রাহ্মণবাড়িয়া পিআইবির অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল হান্নান ও ব্রাহ্মণবাড়িয়ার এএসপি (সদর দপ্তর) রাজন কুমার দাশ। তাদের আগামী  সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে তদন্ত কমিটি নাসিরনগরে পৌঁছে তদন্ত কাজ শুরু করেছেন। সকাল ১১টায় কমিটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.