নিজস্ব প্রতিবেদক | ০৪ নভেম্বর, ২০১৬
ফেসবুকে হিন্দু ধর্ম নিয়ে কটূক্তি করে পোস্ট দেওয়ার অভিযোগে আটক পাবনার মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জাহুরুল ইসলাম বুলবুলকে ছেড়ে দিয়েছে পুলিশ।
বুধবার রাতে আটকের পর জিজ্ঞাসাবাদ করে তাকে ওই রাতেই ছেড়ে দেয় চাটমোহর থানা পুলিশ।
বুলবুল পাবনার চাটমোহর থানার নিমাইছড়া ইউনিয়নের মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হক সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুলবুল জানিয়েছেন তার ফেসবুক একাউন্ট হ্যাক করে অন্য কেউ পোস্টটি দিয়েছে। হ্যাক হওয়ার বিষয়টি জানিয়ে ও ক্ষমা প্রার্থনা করে তিনি পরে ফেসবুকে আরেকটি পোস্ট দিয়েছেন।
প্রাথমিক তদন্তে বুলবুলের বক্তব্যের সত্যতা পাওয়া গেছে। তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে অধিকতর তদন্ত চলছে। তদন্তে বুলবুলের সম্পৃক্ততা পাওয়া গেলে আবার তাকে আটক করা হবে।
বুলবুলের ফেসবুক থেকে হিন্দু ধর্ম ও হিন্দু ধর্মের দেবদেবীকে নিয়ে গালাগালি করে একটি পোস্ট দেওয়া হয়। এ জন্য জিজ্ঞাসাবাদের জন্য বুধবার রাতে তাকে থানায় নিয়ে আসা হয়।
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সাম্প্রদায়িক সন্ত্রাস চলাকালীন সময়ে স্কুল শিক্ষক মো. জাহুরুল ইসলাম বুলবুলের ফেসবুক একাউন্ট থেকে দেওয়া বিদ্বেষমূলক পোস্ট নিয়ে ফেসবুকে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।
এরআগে গত শুক্রবার ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার এক তরুণের অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে ওই দিন রাতেই রসরাজ দাস নামের যুবককে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয় এবং তাকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রসরাজ দাস একইভাবে তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে জানিয়েছিলেন। এরপর রসরাজ দাসের ওই পোস্টকে কেন্দ্র করে রোববার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও হবিগঞ্জের মাধবপুরে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ভাঙচুর ও হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে।