Sylhet Today 24 PRINT

ফের নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগ

সিলেটটুডে ডেস্ক |  ০৪ নভেম্বর, ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হিন্দু সম্প্রদায় অধ্যুষিত তিনটি এলাকার কয়েকটি বাড়িতে আবারো অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। এর আগে রোববার নাসিরনগরে ১৫টি মন্দির ও ৬০-৭০টি হিন্দু বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন জানান, রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে হামলার এই ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, উপজেলা সদরের নমশুদ্রপাড়ার পশ্চিম দিকের ফুলকিশোর সরকারের গোয়ালঘর, পাশের খোকন বিশ্বাসের রান্নাঘর, বণিকপাড়ার অমর দেবের রান্নাঘর ও বসতঘরের কিছু অংশ, শিলপাড়ার কেশব চক্রবর্তীর রান্নাঘর ও বসতঘর, পশ্চিমপাড়ার জগন্নাথ মন্দিরের পাশের সাগর দাসের পুরাতন বাড়ির রান্নাঘর ও একটি বসতঘরে অগ্নিসংযোগ করা হয়েছে।

তবে রাতেই এলাকাবাসীর সহায়তায় আগুন নেভানো হয়। তবে কয়েকটি রান্নাঘর ও গোয়ালঘর পুরোপুরি পুড়ে গেছে। প্রাথমিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে পুলিশ সুপার মিজানুর রহমান বলেছেন, 'সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য একটি চক্র কাজ করছে। কারা এ কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।'

এদিকে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের এক যুবকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করা হয় যা মুসলমানদের ধর্মানুভূতিতে আঘাত করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর স্থানীয়রা ওই যুবককে ধরে পুলিশে সোপর্দ করে। খবর ছড়িয়ে পড়লে ৩০ অক্টোবর সকাল থেকে নাসিরনগর উপজেলা সদরের কলেজ মোড় এবং খেলার মাঠে একাধিক ইসলামি দলের নেতারা জড়ো হয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন।

সমাবেশ চলাকালে হঠাৎ তিন থেকে ৪শ’ লোক সংঘবদ্ধ হয়ে এ ঘটনার জন্য হিন্দু পরিবারগুলোর ওপর চড়াও হয়। এসময় পুরো উপজেলা সদরের হিন্দু সম্প্রদায়ের শতাধিক পরিবার এবং তাদের মন্দিরের ওপর হামলা চালায় তারা।

অভিযোগ রয়েছে, হামলাকারীদের থামাতে পুলিশ, প্রশাসন ও জনপ্রতিনিধিদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। পরে রাতে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কাজল দত্ত এবং নির্মল চৌধুরী বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। এসব মামলায় অজ্ঞাত ১২শ’ জনকে আসামি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.