Sylhet Today 24 PRINT

নাসিরনগরে আরেক হিন্দু বাড়িতে আগুন

সিলেটটুডে ডেস্ক |  ০৬ নভেম্বর, ২০১৬

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আরেক হিন্দু বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা সদরের দত্তপাড়ায় এ ঘটনা ঘটে। বাড়ির মালিক অঞ্জন কুমার দেব উপজেলা যুবলীগের সভাপতি।

তিনি জানান, সন্ধ্যায় কয়েক দুর্বৃত্ত তার বাড়িতে পাট খড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন আগুন দেখে দ্রুত নিভিয়ে ফেলে। আগুনে তেমন ক্ষতি হয়নি।

এসময় বাড়িতে ছিলেন না বলে জানান অঞ্জন কুমার দেব।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে অঞ্জন কুমার দেবের বাড়িতে আগুন দেয়। তবে বাড়ির লোকজন আগুন দেখে দ্রুত নিভিয়ে ফেলে।

আগুনে তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর নাসিরনগরের হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাসের ফেসবুক পাতায় 'ইসলামের অবমাননাকর' একটি পোস্ট পাওয়া যায়, যা জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দিনই রসরাজের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয়। পরদিন পুলিশ তাকে আটক করে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ফেসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে গত রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত নাসিরনগরে ১৫টি মন্দিরসহ হিন্দুদের শতাধিক বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। এর পাঁচ দিন পর গত বৃহস্পতিবার গভীর রাতে কয়েকটি হিন্দু বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়।

শনিবার সন্ধ্যায় একই এলাকায় আরেক হিন্দু বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.