Sylhet Today 24 PRINT

জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

সিলেটটুডে ডেস্ক |  ০৬ নভেম্বর, ২০১৬

জাপানি নাগরিক কুনিও হোশি এবং খাদেম রহমতুলাহ হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৬ নভেম্বর) রংপুরের শাহাবাজপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

আটককৃতরা হলেন, পীরগাছা উপজেলার দুর্গাচরণ গ্রামের মৃত জয়নুদ্দিনের ছেলে বেলাল হোসেন (৪৬), একই উপজেলার পশুয়া টাঙ্গাইলপাড়া গ্রামের হবিবর রহমানের ছেলে এরশাদ আলম (২৮) ও মনতাজুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম (২৩) এবং পশুয়া খাঁপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আল-আমিন (২০)। 

আটকের বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (সার্কেল-এ) আতাউর রহমান জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানায়, সাহাবাজপুর গ্রামের একটি পরিত্যক্ত ইটভাটার কাছে গোপন আস্তানায় বসে বৈঠক করছিল জেএমবির কয়েকজন সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভোরে পুলিশ সেখানে অভিযান শুরু করলে জেএমবি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ করিম, কনস্টেবল আসাদ, কোতোয়ালি থানার কনস্টেবল কুতুবসহ চারজন আহত হন।

পুলিশও আত্মরক্ষার্থে প্রায় ৬ রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় পিস্তলসহ দুটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল ও তিনটি ককটেল উদ্ধার করে পুলিশ। 

উল্লেখ্য, রংপুরে চাঞ্চল্যকর জাপানি নাগরিক কুনিও হোসি ও মাজারের খাদেম রহতম আলী হত্যাসহ বাহাই নেতা রুহুল আমিনকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতারকৃত আসামি জেএমবির রংপুর অঞ্চলের কমান্ডার মাসুদ রানা ও সদস্য ইছাহাক আলীর বাড়িও পীরগাছার পশুয়া টাঙ্গাইলপাড়া গ্রামে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.