Sylhet Today 24 PRINT

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে রিট

সিলেটটুডে ডেস্ক |  ০৬ নভেম্বর, ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ সারা দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিট করেছে আইন ও সালিস কেন্দ্র (আসক)।

রোববার (৬ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। জানা গেছে, রিট আবেদনের ওপর আজ (রোববার) শুনানি হতে পারে।

রিটে স্বরাষ্ট্রসচিব, জনপ্রশাসন সচিব, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নাসিরনগরের ইউএনও ও ওসিকে বিবাদী করা হয়েছে।

স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোন কর্তৃত্ববলে শোভাযাত্রায় অংশ নিলেন ও বক্তব্য দিলেন, সে বিষয়ে ব্যাখ্যা জানাতে নির্দেশনা চাওয়া হয়েছে।

নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘরবাড়িতে হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানিয়ে আদালতে প্রতিবেদন দাখিলের আরজি রয়েছে এতে। রিট আবেদনে নাসিরনগরের ওই ঘটনা রোধে বিবাদীদের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।

উল্লেখ্য,  গত ৩০ অক্টোবর ফেসবুকের একটি পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে নাসিরনগরের প্রায় ১৫টি মন্দির ও শতাধিক হিন্দুবাড়িতে হামলা করা হয়। এরপর গত বৃহস্পতিবার উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের পাঁচটি ঘর ও একটি মন্দিরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। প্রথম হামলার ঘটনায় নাসিরনগর থানায় অজ্ঞাতনামা ২ হাজার ৪০০ জনকে আসামি করে দুটি মামলা হয়। এখন পর্যন্ত ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.