Sylhet Today 24 PRINT

খাদিজার বাম হাতে ও মাথার ডান পাশে অস্ত্রোপচার সোমবার

সিলেটটুডে ডেস্ক |  ০৬ নভেম্বর, ২০১৬

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের বাম হাতে ও  মাথার ডান পাশে অস্ত্রোপচার করা হবে আগামীকাল সোমবার।

রোববার (০৬ নভেম্বর) খাদিজার পরিবারসূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সোমবার খাদিজার বাম হাতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি মাথার ডান পাশে আরেকটি অস্ত্রোপচার করা হবে।

আরো জানা যায়, পরবর্তী দু’টি অপারেশন সফল হলে খাদিজা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন বলে চিকিৎসকরা আশা করছেন।

খাদিজার বাবা মাসুক মিয়া জানান, খাদিজার অবস্থা কিছুটা ভালো। মাঝে মাঝে দুয়েকটা কথা বলছে।

এর আগে গত ৪ অক্টোবর খাদিজার মাথায় ও ১৭ অক্টোবর ডান হাতে অস্ত্রোপচার করা হয়।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর সিলেটে এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম। গুরুতর আহত খাদিজাকে প্রথমে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই রাতেই তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই চলছে খাদিজার চিকিৎসা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.