Sylhet Today 24 PRINT

ফের চালু হচ্ছে সিটিসেল

সিলেটটুডে ডেস্ক |  ০৬ নভেম্বর, ২০১৬

আদালতের নির্দেশে দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেলের কার্যক্রম আবার শুরু হতে যাচ্ছে। রোববার (৬ নভেম্বর) সন্ধ্যা থেকে তারা তাদের কার্যক্রম শুরু করছে।

সিটিসেলের জন্য বরাদ্দ তরঙ্গ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করায় আবার কার্যক্রম চালাতে পারবে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিটিসেলের তরঙ্গ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আজ থেকে তারা কার্যক্রম চালাতে পারবে।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার (৩ নভেম্বর) অপারেটরটির বন্ধ হওয়া তরঙ্গ অবিলম্বে পুনর্বহাল করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। সেই নির্দেশ অনুযায়ী বিটিআরসি এ ব্যবস্থা নিল।

আদালতের নির্দেশ অনুযায়ী তরঙ্গ ফেরত পেতে হলে ১৯ নভেম্বরের মধ্যে সিটিসেলকে ১০০ কোটি টাকা পরিশোধ করতে হবে। এতে ব্যর্থ হলে তাদের তরঙ্গ আবার বন্ধ করে দিতে পারবে বিটিআরসি।

২০ অক্টোবর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বাতিল ও কার্যক্রম বন্ধ করে দেয় বিটিআরসি। বিটিআরসির ওই সিদ্ধান্ত স্থগিত বা পুনরায় তরঙ্গ বরাদ্দের নির্দেশনা চেয়ে সিটিসেল ২৪ অক্টোবর উচ্চ আদালতে আবেদন করে। সেদিন আদালত বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।

সূত্র: প্রথম আলো

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.