Sylhet Today 24 PRINT

শাহজালালে পরিচ্ছন্নকর্মীর হাতে আনসার সদস্য খুন

সিলেটটুডে ডেস্ক |  ০৬ নভেম্বর, ২০১৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক পরিচ্ছন্নকর্মীর ছুরিকাঘাতে সোহাগ আলী (৩০) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। পাওনা টাকা নিয়ে শিহাব (২৮) নামে ওই পরিচ্ছন্নকর্মী এ হামলা চালিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, রোববার (০৬ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি বলেন, সন্ধ্যা সাতটার দিকে বিমানবন্দর বর্হিগমন লাউঞ্জ এলাকায় ‌আনসার সদস্য সোহাগকে জখম করেন এক নিরাপত্তাকর্মী। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার রুহুল আমিন সাগর বলেন, সন্ধ্যা সাতটার কিছু আগে বিমানবন্দরে পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা এ কে ট্রেডার্সের এক কর্মী ছুরি নিয়ে বহির্গমন লাউঞ্জের গেট দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় আনসার সদস্যরা তাকে বাধা দেন। এক পর্য‍ায়ে তিনি ছুরি দিয়ে এলোপাতাড়ি জখম করেন।

‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। টাকা-পয়সা লেনদেন নিয়ে তিনি এ হামলা চালিয়েছেন। তবে কাকে উদ্দেশ্য করে হামলা চালিয়েছেন তা স্পষ্ট নয়।’

এদিকে এ ঘটনায় আহত অপর আনসার সদস্য জিয়াউর ও হামলাকারী শিহাবকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর আরেকজন পুলিশ সদস্যকে ঢাকা সেনানিবাসের সিএমএইচে ভর্তি করা হয়েছে।

আর আহত চারজনকে কুর্মিহাটোলাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান এসআই আলমগীর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.