Sylhet Today 24 PRINT

শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

সিলেটটুডে ডেস্ক |  ০৭ নভেম্বর, ২০১৬

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুবকের ছুরিকাঘাতে আনসার সদস্য নিহত হওয়ার ঘটনায় বিমানবন্দরের প্রবেশপথগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিমানবন্দর পুলিশ সূত্রে জানা গেছে, বিমানবন্দরের প্রবেশপথগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দোতলায় বহির্গমনে কেবল যাত্রী ছাড়া অন্য কাউকে যেতে দেওয়া হচ্ছে না।

গতকাল রোববার (৬ নভেম্বর) সন্ধ্যায় যুবকের হামলায় নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য সোহাগ আলী (২৪) নিহত হন। আহত হন আনসার ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আরও তিন সদস্য। নিরাপত্তাকর্মীরা ওই যুবককে আহত অবস্থায় আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হামলাকারী যুবকের পরিচয় জানতে তদন্ত চলছে। হাসপাতালে ভর্তির জন্য যে টিকিট করা হয়, এতে ওই যুবকের নাম শিহাব, বয়স ২০ বছর লেখা হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম মিয়া জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। আনসারের পক্ষ থেকে মামলা করা হতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.