সিলেটটুডে ডেস্ক | ০৭ নভেম্বর, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, কটূক্তি ও করুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ও পদত্যাগ দাবিতে মন্ত্রী ছায়েদুল হকের ঝাড়ু মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী পার্টি।
সোমবার (৭ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসুচি পালিত হয়।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে মিঠুন চৌধুরী বলেন, "সরকারের মন্ত্রী কোনও জাত বা ধর্মের প্রতি দুর্বল থাকে না। সংবিধান ২ এর 'ক' তে স্পষ্ট উল্লেখ আছে প্রজাতন্ত্রের রাষ্টধর্ম ইসলাম। তবে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ অনান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করবেন। কিন্তু রাষ্ট্রের একজন মন্ত্রী যখন একটি ধর্ম বা সম্প্রদায়কে উদ্দেশ্য করে কটূক্তি করে তখন তার শপথ বাক্য ভঙ্গ হয়। মন্ত্রী যে অপরাধ করেছেন তাতে তার আর মন্ত্রী থাকার অধিকার থাকে না।"
কর্মসুচি থেকে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে পুনর্বাসনের জন্য ২০ লাখ ও প্রত্যেকটি ক্ষতিগ্রস্থ মন্দিরকে ২৫ লাখ টাকা সরকারিভাবে দেওয়ার জন্য দাবি জানানো হয়।
মানববন্ধন চলাকালীন সময়ে মন্ত্রী ছায়েদুল হকের কুশপুত্তলিকা দাহ করা হয়।