Sylhet Today 24 PRINT

চার বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি নিষিদ্ধ

সিলেটটুডে ডেস্ক |  ০৮ নভেম্বর, ২০১৬

নীতিমালার শর্ত পূরণ না করায় চারটি বেসরকারি মেডিকেল কলেজে  আসন্ন ২০১৬-১৭ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থী ভর্তি নিষিদ্ধ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী এক বছরের মধ্যে শর্তসমূহ পূরণ করতে না পারলে কলেজের কার্যক্রমও বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

সোমবার (০৭ নভেম্বর) সচিবালয়ে বেসরকারি মেডিকেল কলেজে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।
 
চলতি বছরের জন্য ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়া কলেজগুলো হলো রংপুরের নর্দার্ন মেডিকেল কলেজ, গাজীপুরের সিটি মেডিকেল কলেজ, আশুলিয়ার নাইটিঙ্গেল মেডিকেল কলেজ এবং আশিয়ান মেডিকেল কলেজ।
 
সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব মো. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলানসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
মন্ত্রণালয় জানায়, সম্প্রতি বিভিন্ন মেডিকেল কলেজ পরিদর্শনের ফলে শর্তাবলী পূরণ না করার বিষয়টি চিহ্নিত হওয়ায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সকল বেসরকারি মেডিকেল কলেজ পরিদর্শন কাজ শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.