সিলেটটুডে ডেস্ক | ০৮ নভেম্বর, ২০১৬
রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী ১ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। দারুস সালাম থানার নাশকতার পাঁচ মামলাতেও একই দিন তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।
রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলায় আজ মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। খালেদার পক্ষে তার আইনজীবী সময়ের আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করে বেগম জিয়াকে ১ ডিসেম্বর আদালতে হাজিরের নির্দেশ দেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছিলেন, "আজকে বলা হয় এত লক্ষ শহীদ হয়েছে, এটা নিয়েও অনেক বিতর্ক আছে।"
তিনি আরো বলেছিলেন, "তিনি (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো না।"
পরে ২৩ ডিসেম্বর বেগম জিয়ার এ বক্তব্যকে ‘দেশদ্রোহী’ অভিযোগ করে তা প্রত্যাহার করতে উকিল নোটিশ পাঠান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী। নোটিশের জবাব না পাওয়ায় ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারা মোতাবেক রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানান তিনি।
চলতি বছরের ২১ জানুয়ারি রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০১৬ সালের ২৫ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদার আদালতে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী ১২৩ এর ‘ক’, ১২৪ এর ‘ক’ ও ৫০৫ ধারায় পিটিশন মামলা করেন। ৩ মার্চ আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি হলে ৫ এপ্রিল এ মামলায় খালেদা আত্মসমর্পণ করে জামিন নেন।