Sylhet Today 24 PRINT

ঢাকা-কলকাতা ৪র্থ ‘মৈত্রী এক্সপ্রেস’ উদ্বোধন শুক্রবার

সিলেটটুডে ডেস্ক |  ০৮ নভেম্বর, ২০১৬

ফাইল ছবি

টিকিট সংকটের কারণে যাত্রীরা দীর্ঘদিন ধরেই মৈত্রী ট্রেন বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে যাত্রীদের দাবির মুখে উভয় দেশের সরকার সপ্তাহে তিনদিনের পরিবর্তে চারদিন ঢাকা-কলকাতার মধ্যে 'মৈত্রী এক্সপ্রেস' চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

আগামী শুক্রবার (১১ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

শুক্রবার সকাল ৮টায় রেলমন্ত্রী মুজিবুল হক চতুর্থ মৈত্রী এক্সপ্রেস উদ্বোধন করবেন বলে জানিয়েছেন রেলের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মু. শরিফুল আলম। ওইদিন ভারতের রেলমন্ত্রী সুরেশ প্রভু দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতার চতুর্থ মৈত্রী এক্সপ্রেস যাত্রার উদ্বোধন করবেন।

ইতোমধ্যে কলকাতায় পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে নতুন যাত্রার বিষয়টি চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন ভারতীয় রেল বোর্ডের নির্বাহী পরিচালক (ট্রাফিক) মনোজ কুমার শ্রীবাস্তব।

উভয় দেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেসের যাত্রা শুরু হয় ২০০৮ সালের ১৪ এপ্রিল। প্রথমদিকে যাত্রী সংখ্যা কম হলেও এখন মৈত্রীতে যাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফলে যাত্রীরা চাহিদার দিনে অনেক সময় টিকিট পান না। এজন্য যাত্রীরা সপ্তাহে ছয়দিন মৈত্রী চালানোর দাবি জানিয়ে আসছিলেন।

এখন প্রতি মৈত্রী এক্সপ্রেস থেকে বাংলাদেশ দুই কোটি টাকা আয় করে। তিন মৈত্রী এক্সপ্রেস থেকে বাংলাদেশের আয় হয় ছয় কোটি টাকা। মৈত্রী এক্সপ্রেসের সিংহভাগ যাত্রী বাংলাদেশের। শিক্ষা, চিকিৎসা, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ ছাড়াও অনেকে ছুটি কাটাতে বেড়াতে যান কলকাতায়।

চতুর্থ 'মৈত্রী এক্সপ্রেস' ট্রেনটি ১১ নভেম্বর থেকে চলবে প্রতি শুক্রবার কলকাতা থেকে ও শনিবার ঢাকা থেকে। বর্তমানে মৈত্রী ঢাকা থেকে প্রতি সপ্তাহের বুধ, শুক্র ও রোববার সকাল ৮টা ১০ মিনিটে কলকাতার চিৎপুর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। আর শনি, সোম ও মঙ্গলবার সকালে কলকাতা থেকে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে আসে ঢাকার উদ্দেশে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.