Sylhet Today 24 PRINT

নাসিরনগরে হিন্দুদের ঘরবাড়ি পাহারা দেওয়ার ঘোষণা আলেম ওলামাদের

সিলেটটুডে ডেস্ক |  ০৮ নভেম্বর, ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর প্রয়োজনে নিজেরাই পাহারা দেবেন বলে ঘোষণা দিয়েছেন আলেম ওলামারা।

মঙ্গলবার (৮ নভেম্বর) নাসিরনগরে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এক সমাবেশে এ ঘোষণা দেন তারা।

মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল নাসিরনগরে সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়ি এবং মন্দির পরিদর্শন করেন। এরপর বিকাল ৩টায় স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশ আয়োজিত সর্বদলীয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

সমাবেশে কারওয়ান বাজার আম্বরখানা মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম বলেন, "ওলামায়ে কেরামরা যতদিন প্রয়োজন নাসিরনগরের হিন্দুদের ঘরবাড়ি পাহারা দেবে। এই ঘটনা আমাদের অসম্প্রদায়িক চেতনায় আঘাত হেনেছে। বাংলাদেশ কোনও ধর্মীয় লেবাস নিয়ে স্বাধীন হয়নি। এই দেশটা হিন্দু মুসলমান সবার।"

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাজেদুল ইসলাম হিন্দু সম্প্রদায়ের মানুষের উদ্দেশে বলেন, "আপনারা মুসলমানদের সঙ্গে আগের মতো বসবাস করেন। প্রয়োজনে আমরা আপনাদের বাড়ি পাহারা দিব।

সমাবেশের সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের (নাসিরনগর) সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. ছায়েদুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। সমাবেশে আরও বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, অতিরিক্ত আইজি (এসবি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ, চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দজী মহারাজ, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন, খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, বাংলাদেশ ইসকনের উপদেষ্টা কৃষ্ণকীর্তন দাস ব্রহ্মচারী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম আল ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাজেদুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.