নিউজ ডেস্ক | ০৭ জানুয়ারী, ২০১৫
আবারও আদালতে হাজিরার তারিখে হাজির না হয়ে সময়ের আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ।
দুই দুর্নীতি মামলায় হাজিরার ধার্য দিনে আদালতে গেলেন না তিনি । তার অসুস্থতা ও চার দিন ধরে অবরুদ্ধ থাকার বিষয়টি জানিয়ে সময়ের আবেদন করেছেন আইনজীবীরা।
তবে আদালত তাঁর আবেদন নাকচ করে দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদার অনুপস্থিতিতেই বুধবার জিয়া এতিমখানা ও জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীর অসমাপ্ত সাক্ষ্য শোনার আদেশ দিয়েছেন বিচারক।
ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে তৃতীয় বিশেষ আদালতের অস্থায়ী এজলাসে জিয়া এতিমখানা ও জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কাজ চলছে।
অসমাপ্ত সাক্ষ্য শেষ করার জন্য মামলা দুটির বাদী দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদও আদালতে উপস্থিত আছেন।
বিচারক আবু আহমেদ জমাদার বুধবার সকালে এজলাসে আসার পর খালেদার পক্ষে সাক্ষ্য পেছানোর আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও মহসিন মিয়া।
তারা বলেন, খালেদা জিয়াকে গত ৩ জানুয়ারি থেকে তার গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। গেইটেও তালা দিয়ে রাখা হয়েছে। তাছাড়া তিনি অসুস্থ।
এ কারণে বিএনপি চেয়ারপারসনের পক্ষে আদালতে আসা সম্ভব ছিল না উল্লেখ করে তারা সময় চান।
এদিকে সর্বশেষ গত ২৭ ডিসেম্বর খালেদা এ দুই মামলায় আদালতে হাজির হন। ওইদিন তার হাজিরাকে ঘিরে ওই এলাকায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।