Sylhet Today 24 PRINT

নাসিরনগরে হামলা: আরও ৪ জন গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১১ নভেম্বর, ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্মীয় অনুভূতিতে আঘাতকে কেন্দ্র করে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলা-ভাঙচুর-লুটপাটের ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় পরে জানানো হবে।

নাসিরনগর থানার ওসি মো. আবু জাফর বিষয়টি নিশ্চিত করে জানান, এ হামলার ঘটনায় পৃথক পৃথক মামলায় এ পর্যন্ত ৭৪ জনকে গ্রেপ্তার করা হল।

এর আগে রোববার (৬ নভেম্বর) দুপুর থেকে সোমবার (৭ নভেম্বর) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে এই ২১ জনকে গ্রেপ্তার করা হয়। 

গত ২৮ অক্টোবার শুক্রবার নাসিরনগরের হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাসের ফেসবুক পাতায় 'ইসলামের অবমাননাকর' একটি পোস্ট পাওয়া যায়, যা জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ওই দিনই রসরাজের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করা হয়। পরদিন পুলিশ তাকে আটক করে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ফেসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত নাসিরনগরে ১৫টি মন্দিরসহ হিন্দুদের শতাধিক বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। এর পাঁচ দিন পর গত বৃহস্পতিবার গভীর রাতে কয়েকটি হিন্দু বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। প্রথম হামলার ঘটনায় নাসিরনগর থানায় অজ্ঞাতনামা ২ হাজার ৪০০ জনকে আসামি করে দুটি মামলা হয়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.