Sylhet Today 24 PRINT

নাসিরনগরে সাম্প্রদায়িক হামলাকারীদের আইনি সহায়তা দেয়া হবে না

সিলেটটুডে ডেস্ক |  ১১ নভেম্বর, ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের ঘরবাড়ি ও মন্দিরে হামলাকারীদের আইনি সহায়তা দেয়া হবে না বলে জানিয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন।

শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে নাসিরনগরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে একথা জানান তিনি।

তিনি বলেন, যারাই নাসিরনগরের হামলার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করতে হবে। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। যারা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে, তাদের বাংলাদেশে ঠাঁই নাই।

ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ভয় পাবেন না। সারাদেশ আপনাদের সঙ্গে আছে। আমরা সুপ্রিমকোর্ট আইনজীবীরাও আপনাদের পাশে আছি।

এসময় আরও উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম খোকন, সাবেক সাধারণ সম্পাদক স.ম রেজাউল করিম, নারায়ণগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. হোসনে আরা বাবলী প্রমুখ।

এর আগে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ১৫০ সদস্যের একটি প্রতিনিধি দল নাসিরনগর উপজেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত মন্দির ও ঘর-বাড়ি পরিদর্শন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.