সিলেটটুডে ডেস্ক | ১১ নভেম্বর, ২০১৬
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের অনুসারী স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) প্যানেলের মহাসচিব পদে প্রতিদ্বন্ধিতা করবেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল।
নাম প্রকাশ না করার শর্তে স্বাচিপের একজন শীর্ষ দায়িত্বশীল কর্মকর্তা জানান, সভাপতির পর মহাসচিব পদে ডা. এহতেশামুল হক দুলালের ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছ থেকে গ্রীণ সিগন্যাল এসেছে।
সভাপতি পদে সাংসদ ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের মনোনয়ন আগেই নিশ্চিত হয়।
আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা বুধবার চিকিৎসক নেতাদের ডেকে শুধুমাত্র দুলাল ছাড়া অন্যদের মহাসচিব পদে দাখিলকৃত মনোনয়নপত্র প্রত্যাহারের কথা জানিয়ে দেন।
এ কথা জানার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডা.দুলালকে স্বাগত জানাতে থাকেন তার শুভাকাঙ্খি চিকিৎসকরা। বহু বছর যাবত সরকারি কোন চিকিৎসক বিএমএ মহাসচিবের পদে না থাকায় এ নিয়ে সরকারি চিকিৎসকদের মধ্যে হতাশা ছিল। কিন্তু মহাসচিব পদে দুলালের নাম নিশ্চিত হওয়ায় সরকারি চিকিৎসকরা খুব খুশি বলে জানা গেছে।
মনোনয়নপত্র দাখিলের আগেই স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম স্বাচিপ নেতাদের ডেকে বিএমএতে ডা. জালাল হবেন সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ইচ্ছার কথা আগাম জানিয়ে দেয়ায় স্বাচিপ প্যানেল থেকে সভাপতি পদে ডা. জালাল ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র দাখিল করেননি।
কিন্তু মহাসচিব পদপ্রার্থী কে হবেন তা নিয়ে একদিন আগেও রাজধানীসহ সারাদেশের স্বাচিপের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। কারণ মহাসচিব পদে জুনিয়র ও সিনিয়র মিলিয়ে মোট ২৩জন মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ২২ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। স্বাচিপ নেতারা বলছেন, জালাল ও দুলালই বিএমএর আগামী দিনের কান্ডারি হবেন।
স্বাচিপ থেকে যে ২৩ জন মহাসচিব পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, বর্তমান স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, বিএমএর সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, বিএমএর সাবেক মহাসচিব ও বর্তমানে বিএসএমএমইউর প্রোভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. জাকারিয়া স্বপন, ডা. জামালউদ্দিন চৌধুরী, সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক এহতেশামুল হক চৌধুরী দুলাল, স্বাচিপ সাংগঠনিক সম্পাদক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডা. জুলফিকার লেনিন, খুলনা বিভাগের স্বাচিপ নেতা বাহার চৌধুরী, ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ ফকির ও ডা. আমিরুল হাসান প্রমুখ।
আগামী ২২ ডিসেম্বরের নির্বাচনে জাসদ প্যানেল থেকে প্রতিদ্বন্ধিতা করলেও আওয়ামী অনুসারীদের ভোট বেশি থাকায় এ দুজনই নির্বাচিত হচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিস্টরা। এবারের বিএমএ নির্বাচনে মোট ভোটার ৩২ হাজারেরও বেশি।
সূত্র : জাগো নিউজ