সিলেটটুডে ডেস্ক | ১১ নভেম্বর, ২০১৬
অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশে দীর্ঘদিন কারাবন্দি থেকে সম্প্রতি মুক্তি পাওয়া ভারতীয় আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহীমের সহযোগী আব্দুর রউফ দাউদ মার্চেন্টকে মুম্বাই পুলিশ নিজেদের হেফাজতে পেয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) দাউদকে মুম্বাই হাইকোর্টে হাজির করা হয়। ভারতে ১৯৯৭ সালে গায়ক ও টি-সিরিজের প্রতিষ্ঠাতা গুলশান কুমারকে খুনে অভিযুক্ত দাউদ।
মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের যুগ্ম কমিশনার সঞ্জয় সাক্সেনাকে উদ্ধৃত করে ভারতের ইংরেজি দৈনিক হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, গুলশান কুমার হত্যা মামলার এই দণ্ডিত আসামিকে বুধবার মেঘালয় সীমান্তে বিএসএফের কাছ থেকে বুঝে পায় পুলিশ। পরে বৃহস্পতিবার তাকে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়।
দাউদ মার্চেন্টে মুক্তি দেবার পর তাকে ভারতের কাছে তোলে দেয়া হয়েছে কিনা এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, "তার কারাবাসের সময় শেষ হওয়ায় মুক্তি দেয়া হয়েছে, কোথায় গেছে সেটা এখন তার নিজের বিষয়"।